ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন ধ্বংসহ আশপাশের পরিবেশ নষ্ট করবে বলে দাবি করেছে তেল-গ্যাস-খনিজ স¤পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল¬াহ বলেন, এ কেন্দ্র বিদ্যুৎ সংকটের কোনো কার্যকর সমাধান করবে না। বরং সুন্দরবন ধ্বংসসহ আশপাশের এলাকার জমি ও পরিবেশ নষ্ট হবে।
জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “জনগণের স্বার্থে যদি এই উন্নয়ন প্রকল্প হয়, তা হলে চুক্তি কেন অস্বচ্ছ? পরিবেশগত সমীক্ষা না করে কিভাবে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়? এ ধরনের সমীক্ষা ছাড়া কি করে ভূমি থেকে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হয়?”
সমাবেশে আরো বক্তব্য দেন কমিটির সদস্য ম. ইনামুল হক, রাগিব আহসান মুন্না, জোনায়েদ সাকী প্রমুখ।
গত ২৯ জানুয়ারি বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24