২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল কপালিয়াবাসীর গণ-আত্মাহুতির হুমকি

যশোরের মণিরামপুর উপজেলার বিল কপালিয়ায় নদী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্প টিআরএম বাতিলের দাবিতে শতাধিক নারী-পুরুষ গণ-আত্মাহুতির হুমকি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

যশোর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মণিরামপুর উপজেলার বিল কপালিয়ায় নদী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্প টিআরএম বাতিলের দাবিতে শতাধিক নারী-পুরুষ গণ-আত্মাহুতির হুমকি দিয়েছেন। রোববার বিলপাড়ে বিষের শিশি নিয়ে অনশন পালন শেষে তারা ঘোষণা দেন, সোমবার দুপুর ১২টার মধ্যে তাদের তিন দফা দাবি না মানা হলে আত্মাহুতি দেবেন। যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনশন ও আত্মাহুতির বিষয়টি তিনি শুনেছেন। ইউএনও ও উপজেলা চেয়ারম্যানকে বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিতে বলা হয়েছে। গত ২ জুন জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব এ প্রকল্প দেখতে গেলে এলাকাবাসী পুলিশের একটি গাড়িসহ ১১টি গাড়ি অগ্নিসংযোগ ও ভাংচুর করে। প্রকল্প বিরোধীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশের দাবি। এ ঘটনার পর মামলা হয়। অভয়নগর থানার ওসি আহসান হাবিব ও মনিরামপুর থানার ওসি মো. ছয়ের উদ্দিনকে প্রত্যাহার করে নেওয়া হয়। আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- ভবদহ এলাকার কৃষকদের বিরুদ্ধে দায়ের করা ৪টি মামলা প্রত্যাহার, মামলায় আটক সব আসামির মুক্তি এবং টিআরএম বাতিল করে ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধান। বিল কপালিয়ার পাশের বালিধা গ্রামের সালেহা খাতুন ও আসাদুজ্জামান জানান, তিন দফা দাবিতে সোমবার দুপুর ১২টা পর্যন্ত অনশন করবেন। এই সময়ের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আত্মাহুতি দেবেন। নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ লিকু জানান, এ দাবি এলাকার অধিকাংশ মানুষের। তাই দাবি আদায়ের লক্ষ্যে তারা এমন কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। পাঁচাকড়ি গ্রামের চিকিৎসক আব্দুর রহিম বলেন, তারা কোনোমতেই বিল কপালিয়ায় টিআরএম হতে দেবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪৭ ঘ.