ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসকূপ খননের জন্য রুশ কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে পেট্রোবাংলার করা চুক্তিতে সমস্যা রয়েছে বলে মনে করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
গ্যাস উত্তোলনের সময় দুর্ঘটনা ঘটলে বাংলাদেশের ক্ষতিপূরণ পাওয়া নিয়ে চুক্তিতে স্পষ্ট কিছু বলা হয়নি, বলেছেন সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া।
সংসদ ভবনে রোববার সংসদীয় কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “রাশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে গ্যাস ক্ষেত্রের দুর্ঘটনা ঘটলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা বাংলাদেশ কীভাবে ক্ষতিপূরণ পাবে, তা বলা হয়নি।”
১০টি গ্যাসকূপ খননের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রমের সঙ্গে গত ২৬ এপ্রিল দুটি চুক্তি করে পেট্রোবাংলা। বিদ্যুৎ ও জ্বলানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর আওতায় এ চুক্তি হয়।
সুবিদ আলী ভূ্ইঁয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ইসরাফিল আলম, নিলুফার জাফর উল্লাহ, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস ও মাহবুব উদ্দিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এমআই/১৯৫৭ ঘ.
bdnews24