২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড়ের নিচে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ

ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিংয়ের মধ্যে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শনিবার রাতে নগরীর মতিঝর্ণা, বাটালি হিল ও ওয়াসা এলাকায় মাইকযোগে এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বাড়িতে সশরীরে উপস্থিত হয়ে এ নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অব্যাহত বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এ নির্দেশ দেওয়া হয়েছে।” ইসমাইল হোসেন জানান, মৃত্যুর ঝুঁকি থাকায় নগরীর কৈবল্যধাম পাহাড়ের নিচে বসবাসকারীদের আগামী সোমবারের মধ্যে স্বেচ্ছায় সরে যেতে বলা হয়েছে। অন্যথায় তাদের জোর করে সরিয়ে দেওয়া হবে। তবে মতিঝর্ণা, বাটালি হিলের পাদদেশে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। গত কয়েকদিনে অব্যাহত বৃষ্টির ফলে পাহাড়গুলো যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ইসমাইল হোসেন। রোববার সকালে নগরীর খুলশী এলাকায় পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়। ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের সাতটি জায়গায় পাহাড় ধসে ১২৭ জন এবং ২০০৮ সালের ১৮ আগস্ট মতিঝর্ণা এলাকায় ১১ জন মারা যায়। এছাড়া গত বছরের ১ জুলাই টাইগার পাস বাটালি হিলে পাহাড় ও দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএএইচ/এমআই/১৯০৬ ঘ.