২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাকাতির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা। পিটুনিতে আহত হয় চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ফরিদপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাকাতির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা। পিটুনিতে আহত হয় চারজন। শনিবার রাতের চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দার গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন খালাসীর বাড়িতে এ ডাকাতি হয়। পিটুনিতে আহত ইব্রাহীম ওরফে রাজা মোল্লা (২৩) ও উজ্জ্বল কাজী (২০) রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহত মোশাররফ খলিফা (৪৬), জাহিদ শেখ (২৩) ও হাসানকে (১৯) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রেজাউল মোল্লা (৩৩) নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসার পর জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন খালাসীর বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ছয় ডাকাতকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। গিয়াসউদ্দিন খালাসীর ভাই কাওসার খালাসী বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাত সোয়া ১টার দিকে ৫/৬ জন লোক আমাদের বাড়ি এসে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে চায়। “আমার ভাবী রিজিয়া বেগম (৪৭) দরজা খুললে ঘরে ঢুকে ভাই ও আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে ভাবির গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। “বাধা দেওয়ায় ভাবী ও আমাকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।” তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ছয় ডাকাতকে ধরে ফেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে যখন আহতদের হাসপাতালে আনা হয় তখন তাদের শরীরে কোনো কাপড় ছিল না। “আমরা তাদের লুঙ্গি ও গেঞ্জি কিনে দিয়েছি,” বলেন ইমরান। তিনি জানান, আহতদের সবার মাথায় আঘাত রয়েছে। পরে জাহিদ, হাসান ও মোশাররফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ডাকাতির ঘটনায় গিয়াসউদ্দিন খালাসী বাদি হয়ে একটি এবং পিটুনিতে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ভাঙ্গা থানা পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪২ ঘ.