ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষার জন্য জেদ্দা পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার ভোর সাড়ে ৬টায় খালেদা জিয়া দুবাই থেকে জেদ্দা পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান।
জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে বিরোধী দলীয় নেতাকে সৌদি বাদশার প্রতিনিধি ও বিএনপি সৌদি শাখার নেতারা অভ্যর্থনা জানান।
এরপর তিনি জেদ্দা রাজকীয় প্রাসাদে যান। সেখানেই তিনি অবস্থান করবেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার রাতে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।
সেখানে বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ রয়্যাল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হবে।
বিরোধী দলীয় নেতার সঙ্গে রয়েছেন- তার ছোট ভাই শামীম এস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রেসসচিব মারুফ কামাল খান, দলের তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবের চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, বিরোধী দলীয় নেতা ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ।
আগামী ২১ জুন দেশে ফেরার কথা রয়েছে খালেদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯০০ ঘ.
bdnews24