২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী জোট আরো বড় হবে: ফখরুল

নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের পরিধি আগামীতে আরো বাড়বে-বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 06:42 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জোট ভাঙার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে তাদের জোটের পরিধি আরো বাড়বে। সদ্য কারামুক্ত এই নেতা শনিবার শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন। ফখরুল বলেন, “সরকার জোট ভাঙার ষড়যন্ত্র করছে। এতে কোনো লাভ হবে না। জনগণের আন্দোলনের কাছে সরকারের কোনো ষড়যন্ত্র টিকবে না।” “আমরা বলতে চাই, নির্দলীয় সরকারের দাবিতে ১৮ জোট হয়েছে। এটা ভাঙার প্রশ্নই উঠে না। বরং জোট আগামীতে আরো বৃদ্ধি পাবে।” হরতালের মামলায় এক মাস পর কারামুক্ত বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়ার কবরে ফুল দেন ফখরুল। সেখানে মোনাজাতও করেন তারা। ফখরুলের সঙ্গে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, নাজিমউদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কামরুজ্জামান রতন, কাজী আবুল বাশার। সরকারের ‘দমননীতির’ সমালোচনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “একদিকে মিথ্যা মামলা দিয়ে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করছে। অন্যদিকে কারাগার থেকে মুক্তির পর আবার অন্য একটি মিথ্যা মামলা দিয়ে নেতাদের কারাবন্দি করে রাখছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তারা এই পথ বেছে নিয়েছে।” ‘প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়’ খালেদা জিয়া ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কথা বলে দেশকে পিছিয়ে দিচ্ছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দিয়েছেন, তারা সঠিক তথ্য তাকে দেননি। বিরোধীদলীয় নেতা তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চতর মধ্যম আয়ের দেশে পরিণত করার কথা বলেছেন।” আওয়ামী লীগ তাদেও রূপকল্পে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কথা বলেছে। “মধ্যম আয় ও উচ্চতর মধ্যম আয়ের মধ্যে তফাৎ আছে, এটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে,” বলেন ফখরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪৫০ ঘ.