কুষ্টিয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পতনের নামে কর্মসূচিতে জনগণের সাড়া না পেয়ে বিএনপি পিছু হটেছে- এমনটি বলছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল হানিফ।
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হানিফের ভাষায়, “খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন ১০ জুনের মধ্যে দাবি না মানলে ১১ জুন থেকে সরকার পতনের একদফা দাবিতে আন্দোলন করা হবে। জনগণ আপনাদের কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন, তাই আপনারা কঠোর কর্মসূচি থেকে সরে এসেছেন।”
দুর্ভোগের কথা ভেবে কঠোর কর্মসূচি দেওয়া হয়নি- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এমন দাবিকে ‘মিথ্যাচার’ বলে আখ্যায়িত করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “যদি তাই হতো তাহলে কোমলমতি ছেলেমেয়েদের পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হতো না।”
দুপুর দেড়টায় উপজেলা পরিষদ চত্বরে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
পরে তিনি বক্তৃতায় বলেন, গত সাড়ে তিন বছরে মহাজোট সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দেশের উন্নয়নের জন্য যুদ্ধ, অস্ত্র বা বোমাবাজির দরকার নেই। দরকার সুস্থ চিন্তা।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, ভেড়ামারা পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা প্রমুখ।
প্রায় নয় বছর পর অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও শামিমুল ইসলাম ছানাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮২৫ ঘ.
bdnews24