পটুয়াখালী, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই পরীক্ষার্থীসহ তিনজনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অপরজন হলেন সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী।
শুক্রবার এই কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে তাদের সনাক্ত করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
দণ্ডিতরা হলেন মো. মামুন মল্লিক, মো. শফিকুল ইসলাম এবং অফিস সহকারী মো. রাসেল।
এরমধ্যে মামুন ও শফিকুলকে এক বছরের বিনাশ্রম এবং রাসেলকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ (পাস) ২য় সেমিস্টারের ইসলাম শিক্ষা ২য় পত্রের পরীক্ষা চলছিল।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম কেন্দ্র পরিদর্শনের সময় মামুন ও শফিকুলের কাগজপত্র দেখতে চান।
কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তারা এর সঙ্গে অফিস সহকারী রাসেলের যুক্ত থাকার কথা জানান।
ইউএনও আরো বলেন, দুপুরে ভ্রাম্যামাণ আদালতে এ তিনজনকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২০ ঘ.
bdnews24