গাজীপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে শুক্রবার যাত্রীবাহী মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। আহত হন অন্তত আরো ১১ জন।
নিহত চালক সাবেক সেনা সদস্য মঞ্জু মোল্লা (৫০) মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণ গ্রামের মৃত সাঈদ মোল্লার ছেলে। আহতরা শ্রীপুরের মাওনা চৌরাস্তার নোভা হাসপাতালে চিকিৎসা নেন।
সকাল পৌনে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে গুলশান স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মাগুরা থেকে ময়মনসিংহে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে জৈনা বাজার এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসটির (চট্র মেট্রো-চ-১১-৩৭৮৬) বিপরীতমুখী বালুভর্তি একটি ট্রাকের (টাংগাইল-ট-০২-০৪১৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক মঞ্জু ঘটনাস্থলেই নিহত এবং আহত হন অন্তত আরো ১১ জন।
আহতরা হলেন মজিবুর মল্লিক (৭০), কামরুজ্জামান (৩৫), শান্তা (১২), মুক্তার হোসেন (৫৫), টগর (৩২), নাজমুল (২৮), ফয়সাল (১১), কোহিনূর (২৬), নাছরিন (২২), ফাহিমা (২৮) ও সুরাইয়া (২৬)। তাদের সবাই মাইক্রোবাসের যাত্রী।
নিহত মঞ্জু ক’বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যান। তার লাশ গাজীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের পর শুক্রবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮২৬ ঘ.
bdnews24