ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধিতে শীর্ষ এক ব্যবসায়ী নেতার বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে মালিকদের সভায়।
টানা চার দিন ধরে ঢাকার অদূরে শিল্পাঞ্চলটিতে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সৃষ্ট সহিংস আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র জরুরি সভায় এফবিসিসিআই সভাপতি একে আজাদ বেতন বাড়ানোর প্রস্তাব করেন।
ওই সভা শেষে মালিকরা রোববারের মধ্যে সংঘাত অবসান না ঘটলে সোমবার থেকে ওই অঞ্চলের সব কারখানা বন্ধের হুমকি দেন।
সভায় এ কে আজাদ শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনার অনুরোধ করলে তারা মালিকরা একযোগে তা প্রত্যাখ্যান করেন।
শ্রমিকরা ন্যূনতম মজুরি তিন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার জন্য আন্দোলন করছে।
আজাদের প্রস্তাবে কয়েকজন মালিক চিৎকার করে বলতে থাকেন, আপনারটা আপনি দেন। এটা ঘোষণায় আসতে পারে না।
এসময় চিৎকার-চেঁচামেচিতে হট্টগোলের সৃষ্টি হয়।
এফবিসিসিআই সভাপতি পোশাক শিল্প গ্রুপ হা-মীম এর মালিক।
আশুলিয়া এলাকায় এক বছরে তিনবার বাড়ি ভাড়া বেড়েছে উল্লেখ করে হা-মীম মালিক বলেন, “বছরে তিনবার বাড়িভাড়া যেখানে বাড়ে সেখানে ইনক্রিমেন্ট দেয়ার বিষয়টি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে।”
তবে বেতন বাড়ালেই যে পরিস্থিতির উন্নতি হবে এমনটা মনে করেন না তিনি।
আজাদ বলেন, “গতরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশুলিয়ায় গিয়েছিলেন। সেখানে শ্রমিক নেতৃবৃন্দ ও তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এর পরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় সে দায় আমাদের নয়।”
“আমি তাদের (সরকার) কোর্টে এবং শ্রমিকদের কোর্টে বল ছেড়ে দিয়েছি,” বলেন তিনি।
শ্রম আইন মোতাবেক কারখানা বন্ধ করে দেয়ার অধিকার মালিকের আছে বলেও মন্তব্য করেন তিনি।
তার বক্তব্যের পর বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, “এক বছর হলে স্বাভাবিকভাবেই বেতন বৃদ্ধি হয়। এটা বারো মাসের যেকোন সময়ে হতে পারে। এটি তিনি (আজাদ) তার প্রেক্ষাপটে করেছেন। অন্যান্য ফ্যাক্টরির ক্ষেত্রে এটি অবশ্যই প্রযোজ্য নয়।”
সভার পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা রোববার পরিস্থিতি পর্যবেক্ষণ করব। সোমবারও যদি একই অবস্থা চলতে থাকে তবে আশুলিয়ায় সব কারখানা বন্ধ করে দেওয়া হবে।”
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলেন, “গত দেড় বছর আগে বেতন বৃদ্ধি করা হয়েছে। এখন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে করে বেতন বাড়াতে হবে।”
“আমরা মনে করি খাদ্যমূল্যস্ফীতি কমে এসেছে। তখন ডাবল ডিজিটের (দুই অংক) খাদ্যমূল্যস্ফীতি ছিলো। এখন সেটি ৭ দশমিক ৪৬ শতাংশে নেমে এসেছে। সুতরাং খাদ্যে আমাদের শ্রমিকরা কষ্টে নেই।”
তবে বছরে যেন একবারের বেশি বাড়িভাড়া না বাড়ানো হয় সে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলে জানান তিনি।
গত কয়েকদিনে ভাংচুর এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের ‘ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে’ তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুসারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির নিশ্চয়তা বিধান করতে হবে।”
“২০০৬ সাল থেকে অব্যাহতভাবে ভাংচুর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। তার একটিরও শাস্তি হয়নি,” বলেন তিনি।
তিনি আরো বলেন, “শতকার ৯৯ দশমিক ৯ ভাগ শ্রমিক উৎপাদনমুখী এবং শৃঙ্খলাপরায়ণ। কিছু সংখ্যক বিপথগামী শ্রমিক এগুলো করছে। তাদেরকে প্রতিরোধ করতে সুস্থ ধারার শ্রমিকদের অনুরোধ জানাবো।”
গার্মেন্টস এলাকাগুলোকে কেপিআই বা গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা দেয়ার দাবি জানিয়ে মহিউদ্দিন বলেন, “আজকে আমরা যেভাবে আক্রান্ত হচ্ছি, যেভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে তাতে করে কেপিআই হিসাবে অগ্রাধিকারের ভিত্তিতে যেন ঘোষণা দেয়া হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/সিএস/২৩৫৪ ঘ.
bdnews24