২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞপ্তির ৮ বছর পর নিয়োগে পরীক্ষা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আট বছর পর শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহি:সহকারী পদে নিয়োগ পরীক্ষা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আট বছর পর শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহি:সহকারী পদে নিয়োগ পরীক্ষা হবে। ২০০৪ সালে ওই পদে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করে বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন কারণে এতোদিন পরীক্ষা নেওয়া যায়নি বলে দাবি করেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই পদে ২৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে মোট ৩৬ হাজার ৯১৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। প্রতি পদের বিপরীতে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বন্দরের পরিবহন বিভাগের তৃতীয় শ্রেণীর পদমর্যাদার এই পদে ন্যূনতম যোগ্যতা এইচএসসিতে দ্বিতীয় বিভাগ চাওয়া হয়েছে। বন্দরসচিব বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় যারা আবেদন করেছিলেন প্রায় আট বছর পর তারা পরীক্ষায় অংশ নেবেন। “তাদের সঙ্গে এই পদে নিয়োগের জন্য গত বছর নতুন করে যারা আবেদন করেছেন তারাও পরীক্ষায় অংশ নিচ্ছেন।” শুক্রবার চট্টগ্রাম নগরীর ৩৫টি স্কুল ও কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২০৫৫ ঘ.