মিন্টু চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
টেকনাফ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঠোর নজরদারি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কমে এলেও টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত আরও সুরক্ষিত করা হচ্ছে।
এর অংশ হিসেবে সেখানে নতুন চারটি সীমান্ত চৌকি বসাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
এর মধ্যে দুটি চৌকি নির্মাণের কাজ চলছে। বাকি দুটির জন্য বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিজিবি ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশের নিরাপত্তা বাড়াতে এই চারটি চৌকি বসানো হচ্ছে।
“টেকনাফ উপজেলার ওয়াইকং ও জীবনখালীর মধ্যবর্তী এলাকা উঞ্চিপ্রণ এবং হ্নীলা ও জীবনখালীর মধ্যবর্তী খাড়াংখালীতে দুটি চৌকি নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে চৌকি দুটির কার্যক্রম শুরু করা যাবে বলে আমরা আশা করছি।”
বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে প্রায় দেড়শ কিলোমিটার সীমান্তের মধ্যে টেকনাফের সঙ্গেই রয়েছে ৫৪ কিলোমিটার। এর একটি বড় অংশ আবার নদী ও সমুদ্র দিয়ে আলাদা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী এই ৫৪ কিলোমিটার সীমান্তের জন্য বিজিবির সীমান্ত চৌকি আছে মাত্র নয়টি। অথচ সীমান্তের ৪৮ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে মিয়ানমার, যা তাদের দেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে খুবই সহায়ক।
বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায় না বলে বিজিবি কর্মকর্তারা জানান। তারা বলছেন, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাদক পাচারের ‘নিরাপদ’ রুট হিসাবেও টেকনাফ সীমান্তকে ব্যবহার করছে চোরাকারবারীরা।
মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এরপর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে।
গত মঙ্গলবার রাত ও বুধবার সকালে টেকনাফের শাহ পরীর দ্বীপ, বদর মোকাম ও সেন্টমার্টিন এলাকা থেকে ১১৪ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি। এরপর বৃহস্পতিবার সকালে ফেরত পাঠানো হয় এরা ২৫ জনকে।
এছাড়া বৃহস্পতিবার সেন্টমার্টিনে আটক করা সাতজনসহ ৪৪ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বর্ডার গার্ড ব্যাটালিয়ানের (বিজিবি) সদস্যরা।
টেকনাফ সীমান্তে নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহলও জোরদার করা হয়েছে। গভীর সমুদ্রে নৌবাহিনী ও নাফ নদীতে কোস্টগার্ড সদস্যরাও এতে সহযোগিতা করছে বিজিবিকে।
কঠোর প্রহরা ও প্রবল বৃষ্টির কারণে অনুপ্রবেশকারীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে উলে¬খ করে বিজিবির লেফটেনেন্ট কর্নেল জাহিদ বলেন, গত চার দিনে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা অনুপ্রবেশের চেষ্টার সময় ১৪টি ইঞ্জিনচালিত নৌকায় ৭০৫ জন রোহিঙ্গাকে আটকে দিয়েছে।
“মিয়ানমারের পরিস্থিতি দ্রুতই উন্নতি হচ্ছে। নাসাকার টহল জোরদার করা হয়েছে এবং রোহিঙ্গারা যাতে বাংলাদেশে আর অনুপ্রবেশের চেষ্টা না করে সেজন্য তারা উদ্যোগী।”
তার এ বক্তব্যের সত্যতা মিললো মিয়ানমার সীমান্ত সংলগ্ন শাহ পরীর দ্বীপ এলাকার বাসিন্দা ও সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমানের কথায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত কয়েকদিনে বেশ কয়েকটি বোটে করে রোহিঙ্গারা আসলেও বৃহস্পতিবার আসার কথা শুনিনি। বিজিবির নজরদারির কারণে তা হয়েছে।”
মিয়ানমারে দাঙ্গার পর টেকনাফ স্থল বন্দর গত শনিবার থেকে এবং নাফ নদীতে সকলপ্রকার নৌযান চলাচল গত তিনদিন ধরে বন্ধ রয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানালেও দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের পর তাদের নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে।
প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মধ্যে এখনও প্রায় ২৫ হাজার নাগরিক টেকনাফের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়।
বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার।
বিজিবির তথ্য অনুযায়ী, টেকনাফ সীমান্ত দিয়ে ২০১০ সালে মিয়ানমার থেকে ২ হাজার ৬৮৮ জন রোহিঙ্গা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এর মধ্যে দুই হাজার ৫৩৮ জনকে ফেরত পাঠানো হয়। বাকি ১৫০ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
আর ২০১১ সালে ১৮০২ জন মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টা করে, তার মধ্যে এক হাজার ৭৮৯ জনকে ফেরত পাঠানো হয় এবং থানায় দেওয়া হয় ১৩ জনকে।
বান্দরবানেও সতর্কতা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বান্দরবান প্রতিনিধি জানান, জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সেখানে একটি অস্থায়ী বিজিবি ক্যাম্প স্থাপন এবং স্থানীয় লোকজন নিয়ে একটি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বিজিবি, পুলিশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। উপজেলার বাইশপাড়ি এলাকায় বিজিবির একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি এস এম আজাদ সাংবাদিকদের জানান, সোমবার তিনি ঘুমধুম এলাকা পরিদর্শন করেছেন। সেখানে স্থানীয় লোকজনকে নিয়ে ‘রোহিঙ্গা প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে।
বুধবার কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা আবার ফিরে যেতে বাধ্য হয় বলেও জানান তিনি।
ওসি জানান, গত ৫ দিনে বান্দরবান ও নাইক্ষ্যংছড়িতে ৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএস/জেকে/২০৫০ ঘ.
bdnews24