২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিপেটুইউ চেয়ারম্যানের বিরুদ্ধে সিলেটে মামলা

নানা প্রলোভন দেখিয়ে সাড়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলাটি করেছেন সিলেটের জৈন্তাপুরের এক ব্যক্তি, যিনি ইউনিপেটুইউ’র গ্রাহক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

সিলেট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগ এনে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সিলেটে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে ইউনিপের গ্রাহক জৈন্তাপুর উপজেলার হরিপুর হেমু এলাকার সাব্বির আহমদ বাদি হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সরকারি আদেশে কার্যক্রম বন্ধ থাকা ইউনিপেটুইউ’র সিলেটের কাস্টমার ইনচার্জ মো. শরীফ উদ্দিনকে। ইউনিপেটুইউ’র চেয়ারম্যান শহীদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন, মহাব্যবস্থাপক জামশেদুর রহমান এবং শহীদুল ইসলাম নামে সিলেটের আরো এক ইনচার্জকে আসামি করা হয়। এজাহারের বরাত দিয়ে বাদির আইনজীবী দেলওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের ২১ অক্টোবর বাদিকে নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ১৩ লাখ ৬ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয় আসামিরা। পরে বাদি লভ্যাংশসহ টাকা ফেরত চাইলে আসামিরা টাকা ফেরত না দিয়ে বাদিকে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে বাদি মামলা করতে বাধ্য হন বলে আইনজীবী দেলওয়ার জানান। সম্প্রতি ইউনিওপটুইউ’র অবৈধ ব্যবসার কথা প্রকাশিত হলে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা হয়েছে। ইউনিপেটুইউ’র চেয়ারম্যান শহীদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির ও মহাব্যবস্থাপক জামশেদুর বর্তমানে কারাগারে রয়েছেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে সিলেট আদালত এলাকা থেকে ইউনিপেটুইউ’র সিলেটের কাস্টমার ইনচার্জ শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬৩১ ঘ.