২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই হওয়া সার বোঝাই ট্রাক উদ্ধার

চট্টগ্রাম থেকে টাঙ্গাইল যাওয়ার পথে চারশ’ বস্তা সারসহ ছিনতাই হওয়া ট্রাক গাজীপুরে উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 08:29 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গাজীপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে টাঙ্গাইল যাওয়ার পথে চারশ’ বস্তা সারসহ ছিনতাই হওয়া ট্রাক গাজীপুরে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ভোরে সার বোঝাই ট্রাকটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রাম থেকে টিএসপি সার নিয়ে টাঙ্গাইলের সাগরদীঘির যাওয়ার পথে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের কাঞ্চনপুর সেতু পার হওয়ার পর ট্রাকটি ছিনতাই হয়। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ জেলার বিভিন্ন স্থানে চৌকি বসায়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাওজোর হাইওয়ে পুলিশ গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় ঢাকা বাইপাস সড়কে পরিত্যাক্ত অবস্থায় ট্রাকটির খোঁজ পাওয়া যায়। বৃহস্পতিবার ভোরে সারসহ ট্রাকটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে হাইওয়ে পুলিশ। উদ্ধারকৃত ট্রাকের মালিক সাগরদীঘি এলাকার আশিষ কুমার সাহা ও সারের মালিক একই এলাকার আবুল মাসুদ খান বৃহস্পতিবার সকালে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়িতে আসেন। সার ব্যবসায়ী আবুল মাসুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে কালিগঞ্জ উপজেলার উলুখোলা থেকে ট্রাকের চালক রঞ্জিত চন্দ্র সরকার (৩৬) ও তার সহকারী নবীকে (৩০) অচেতন অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায় এলাকাবাসী। সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রঞ্জিত ও নবীর জ্ঞান ফেরে। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৫ ঘ.