বগুড়া, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শিক্ষকের পিটুনিতে এক ছাত্রীর চোখে ‘গুরুতর’ জখম হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবারের এ ঘটনায় আহত জাহানারা (৯) স্থানীয় বিশা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং বিশা গ্রামের শামসুল হকের মেয়ে।
তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহানারার বাম চোখটি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
জাহানারার বাবা শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিশা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী তার মেয়েকে বেত দিয়ে প্রচণ্ড মারধর করেন। এক পর্যায়ে জাহানারার বাম চোখে মারাত্মক জখম হয়।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বগুড়া শহরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে পাঠানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
বিদ্যালয়ের কোনো শিক্ষক এ পর্যন্ত তাকে দেখতে হাসপাতালে যাননি বলেও শামসুল হক জানান।
হাসপাতালের চক্ষু বিভাগের আবাসিক সার্জন ডা. শাহীন মিয়া তার চিকিৎসার দায়িত্বে আছেন।
ডা. শাহীন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির বাম চোখের দু’টি পর্দা ছিঁড়ে গেছে। বর্তমানে সে চোখে দেখতে পারছে না। চোখটি একেবারে নষ্ট হয়ে যেতে পারে।’
নন্দীগ্রামে ওই বিদ্যালয় কিংবা শিক্ষক মনসুর আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেউ জানায়নি। আপনার কাছেই ঘটনাটি শুনলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24