ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে’র প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন এক ব্যবসায়ী।
মঞ্জুরুল ইসলাম নামের ওই ব্যবসায়ী কলাবাগান থানায় বুধবার মামলা করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্লোবাল মানি সুইং নামে একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি খুলে প্রায় তিনশ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা আদায় করে বিবাদীরা।
মামলায় আসামী করা হয় আরো তিন ব্যক্তিকে।
প্রায় দুই মাস পর গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রতিষ্ঠানটি উধাও হয়ে যায় দাবি করে মঞ্জুরুল বলেন, এরপর থেকে প্রতিষ্ঠানের সব কর্মকর্তার ফোনও বন্ধ পাওয়া যায়।
তার অভিযোগ, টাকা দ্বিগুণ করে দেওয়ার কথা বলে তারা এই টাকা আত্মসাত করেন।
ফারুকীর স্ত্রী সিনথিয়া আলমগীরসহ অন্য আসামীরা হলেন, ওয়াসিম আহমেদ, ওকিদুজ্জামান ডাবলু এবং ইব্রাহিম হাসান সোহাগ।
মাহাথির ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। তারা এই প্রতিষ্ঠানের পাঁচ ভাগ করে ১০ শতাংশ শেয়ারের মালিক হিসাবে পরিচালক ছিলেন।
প্রতিষ্ঠানের অন্যরা যখন তাদের নাম ভাঙিয়ে প্রতারণা শুরুর চেষ্টা করে তখনই তিনি সস্ত্রীক সেখান থেকে চলে আসেন বলে দাবি করেন তিনি।
কারো কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠানের অন্যদের ব্যাপার। এর সঙ্গে তার কোনো সর্ম্পক নেই বলেও দাবি ফারুকীর।
এ বিষয়ে জানতে চাইলে একুশের প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহাথির ফারুকীর বিরুদ্ধে মামলার বিষয়টি তার জানা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/এলএইচ/জিএনএ/২৩০০ ঘ.
bdnews24