২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ ‘কীর্তনসভা’

জাতীয় পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার দলটির নেতারা প্রশংসায় স্নাত করেছেন দলীয় প্রধান সাবেক সামরিক একনায়ক এইচ এম এরশাদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার দলটির নেতারা প্রশংসায় স্নাত করেছেন দলীয় প্রধান সাবেক সামরিক একনায়ক এইচ এম এরশাদকে। অনুষ্ঠানে এরশাদ রচিত কবিতা এবং তার লেখা ও সুর করা গান বাজানোর পর দলের নেতারা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। সাবেক জেনারেলের সমর্থক ও সহযোগী বলে পরিচিত এক প্রবীণ কবি এই কবিতাগুচ্ছকে বাংলা সাহিত্যের অন্যতম সেরা সৃষ্টি বলে অভিহিত করেন। মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার দলের প্রধানের আয়ু বাড়ানোর প্রার্থনা করে প্রয়োজনে নিজের আয়ু কমানোর কথা বলেন। অনুষ্ঠানে সাবেক একনায়ক নিজের কবিতা বাজানোর সময় কেঁদে ওঠেন। বুধবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এরশাদের লেখা ‘হে আমার জন্মভূমি’ ও ‘কারাগার থেকে রাজপথ’ শীর্ষক গান ও কবিতার দুটি সিডির মোড়ক উন্মোচন করা হয়। কবি ফজল শাহাবুদ্দিন সিডির মোড়ক উন্মোচন করেন। সিডির মোড়ক উন্মোচনকারীর প্রথমে বক্তব্য দেওয়ার কথা না থাকলেও ঘোষক পরে জানান, এরশাদের কবিতা শুনে কবি বক্তব্য দিতে চেয়েছেন। সভাপতির বক্তব্যের পর বক্তব্য দেন তিনি। শাহাবুদ্দিন বলেন, “আমার মনে হয় এরশাদের এই কবিতা বাংলা সাহিত্যের অন্যতম সৃষ্টি। তার কারাবাসের জন্য বাংলা সাহিত্য এ ধরনের সৃষ্টিকর্ম পেল।” অনুষ্ঠানে এরশাদ বলেন, “তারা আমাকে স্বৈরাচার বলেন। সংবিধানে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস। সেই জনগণের আদালতে বারবার গিয়েছি, জনগণ আমাকে মুক্তি দিয়েছে। আমাকে স্বৈরাচার বলার অধিকার তাদের নেই।” তিনি বলেন, “আমি ছিলাম স্বৈরাচার, কথা ছিল ক্ষমতা হস্তান্তরের পর আমাকে নির্বাচন করতে দেবে। তা না করে জেলে নিয়েছে। আমার মনোনয়ন বাতিল করেছে। রংপুর ডিসির কার্যালয় ঘেরাওয়ের পর নির্বাচনের সুযোগ পেয়েছি। পাঁচটি আসনেই জয়ী হয়েছি।” এরশাদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার আমার বিরুদ্ধে অন্যায়-অবিচার করেছে। আমি তত্ত্বাবধায়ক সরকার চাই না, তারা নিরপেক্ষ নয়।” “নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, সংসদে যেতে পারিনি। এখন তারা গণতন্ত্রের কথা বলে, এগুলো মনে রাখতে হবে,” বলেন তিনি। “আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু পারেনি। সময়মত এর জবাব দিতে হবে,” বলেন এরশাদ। নিজেকে দেশের সবচেয়ে বর্ষীয়ান রাজনীতিবীদ দাবি করে তিনি বলেন, “মামলা মাফ করতে সরকারকে বলিনি, বলবও না। কোর্টে গিয়ে লড়াই করব, আশা করি ফলাফল পক্ষে আসবে।” ‘ছয় বছরের জেলজীবনে কারো সঙ্গে কথা বলার লোক ছিল না’ জানিয়ে এরশাদ বলেন, “১২টি ঈদ গেছে নামাজ পড়তে পারিনি। পাঁচ টাকার ইফতার খেয়ে জেলে দিন কাটিয়েছি। কথা বলার মতো কোনো লোক ছিল না।” এরশাদের জনসংযোগ ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বলেন, “দীর্ঘদিন ধরে খুব কাছাকাছি থেকেও আজো বুঝে উঠতে পারিনি তার (এরশাদ) আসল পরিচয় কোনটা? “তিনি কি কবি, গীতিকার, সাহিত্যিক, রাজনীতিবিদ, প্রশাসক না দক্ষ রাষ্ট্র নায়ক?” ধাঁধাঁয় পড়ে যান এরশাদের রাজনৈতিক সচিব। এরশাদের লেখা কবিতা ও গান না শুনলে বিষয়টি বোঝা যাবে না বলে মনে করেন সুনীল। এরশাদের লেখা কবিতায় কণ্ঠ দেওয়া আবৃত্তিকার ইসমত তোহা বলেন, “জীবনে অনেক কবিতা আবৃত্তি করেছি। অনেক পুরস্কারও পেয়েছি। কিন্তু তার (এরশাদ) লেখা কবিতা আবৃত্তি করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম।” “অনেক কষ্টে সেই আবেগ সংবরণ করে কবিতা আবৃত্তি করেছি,” যোগ করেন তিনি। মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, তিনি এরশাদের কবিতা শুনে মুগ্ধ। চেয়ারম্যানের প্রশাংসা করে তিনি বলেন, “হে আল্লাহ আমাদের সবার কাছ থেকে আয়ু নিয়ে নেতার বয়স বাড়িয়ে দাও।” জাতীয় পার্টির সভাপতিম-লির সদস্য ও অভিনেতা মাসুদ পারভেজের (সোহেল রানা) সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারম্যানের উপদেষ্টা মীর আব্দুস সবুর আসুদ, ছড়াকার রফিকুল ইসলাম দাদুভাইও বক্তব্য দেন। কাঁদলেন এরশাদ কারাবাসের ঘটনাপ্রবাহ নিয়ে এরশাদের লেখা একটি কবিতা অনুষ্ঠানে বাজানো হলে বিমর্ষ হয়ে শোনেন তিনি। এক পর্যায়ে কেঁদে ফেলেন সাবেক এই সামরিক শাসক। চোখ মুছে আসেন ডায়াসে। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “যখন কবিতাটির আবৃত্তি শুনছিলাম, অতীতের কথা মনে পড়ে চোখ ভিজে উঠেছিল। জেলে ছয়টি বছর চোখের পানি ফেলেছি।” “একসময় যা অসম্ভব মনে হত এখন তা আর অসম্ভব মনে হয় না,” আক্ষেপ জাতীয় পার্টির চেয়ারম্যান এই সাংসদের। ছয় বছর কারাবাসের পর নিজের বাড়ির পেয়ারা গাছের নিচে বসে কবিতাটি লিখেছেন বলে জানান তিনি। “তিন বছর কারাগারে একা থেকেছি। স্বর্গ থেকে নরকে চলে গেলাম। নরকের অন্ধকারে ডুবে গেলাম। অনেক অসুস্থ হলাম... তিন বছর পর একজন অসুস্থ মানুষকে আমার সঙ্গী হিসাবে দেওয়া হয়েছিল,” জেলজীবনের স্মৃতিচারণে বলেন এরশাদ। দীর্ঘ ছয় বছর কারাবাসের বিভিন্ন ঘটনা দীর্ঘ সময় নিয়ে বলেন এরশাদ। পাশাপাপশি রাষ্ট্রপ্রধান থাকাকালে তার সরকারের বিভিন্ন কর্মকা-ও তুলে ধরেন সাবেক এই রাষ্ট্রপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২২০৬ ঘ.