চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে ব্যাংক হিসাব হ্যাক করে ১ লাখ ৩২ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করছে র্যাব।
এরা হলেন, আশফাক হোসেন (৩০) ও মো. সুমন (২৬)। আশফাক বন্দরনগরীর খুলশী থানার ও আর নিজাম রোডের এবং সুমন তুলাতলী এলাকার বাসিন্দা।
বুধবার ভোররাতে নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার মো. নুরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ মার্চ অনলাইনে ব্র্যাক ব্যাংকের ঢাকা খিলক্ষেত শাখার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির ব্যাংক হিসাব হ্যাকড হয়।
“তারপর ওই ব্যাংক হিসাবে থাকা টাকা নিজেদের হিসাবে স্থানান্তর করে গত ২৬ মার্চ চট্টগ্রামের বহদ্দার হাটের একটি এটিএম বুথ তুলে নেওয়া হয়।”
এ ঘটনায় আনোয়ার হোসেন ২৩ মার্চ ঢাকার খিলক্ষেত থানায় একটি জিডি করেন জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, ওই জিডির ভিত্তিতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। লেফটেন্যান্ট কমান্ডার মো. নুরুজ্জামান বলেন, “টাকা খরচ করে ফেলায় তা উদ্ধার করা যায়নি।”
সাত জনের একটি দল সংঘবদ্ধভাবে এ কাজ করেছে জানিয়ে তিনি বলেন, বাকি পাঁচজনকে ধরার জন্য তৎপরতা চলছে।
তিনি জানান, গ্রেপ্তারদের চান্দগাঁও থানায় হন্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএইচ/২১৪৫ ঘ.
bdnews24