ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পোশাক শিল্পে অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতায় শ্রমিকরা জড়িত নয় বলে মনে করছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তার দাবি, এতে অন্য কেউ জড়িত। তাই এতে কারা জড়িত, তা খুঁজে বের করতে বুধবার ত্রিপক্ষীয় বৈঠকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, “কারখানাগুলোতে কর্মরত কোনো শ্রমিক এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। কারা এ ষড়যন্ত্রে জড়িত, তা জানা দরকার। এজন্য বিষয়টি তদন্ত করে দেখতে কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।”
গত তিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ভাংচুরে ও অবরোধের প্রেক্ষাপটে সচিবালয়ে মন্ত্রীর সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক হয়।
পোশাক শিল্প মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে বৃহস্পতিবার থেকে সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় বলেও মন্ত্রী সাংবাদিকদের জানান।
তিনি বলেন, আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। দুই-একটি কারখানার সমস্যার জন্যই এ সমস্যা দেখা দিয়েছে। অন্য কারখানাগুলোতে এমন কোনো সমস্যা নেই।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার আশুলিয়ায় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের মালিকানাধীন একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
পরদিনও অসন্তোষ চললে আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামে হা-মীম গ্রুপের ওই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়। সেদিনের জন্য বন্ধ হয়ে যায় ওই শিল্প এলাকার সব কারখানা।
ওই শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বুধবারও বিক্ষোভ হয়। সকাল থেকে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করেছে শ্রমিকরা। এরপর আগের দিনের মতোই কারখানাগুলো বন্ধ হয়ে যায়।
এই সহিংসতা নিয়ে মঙ্গলবার মন্ত্রী এক দফা শিল্প মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর বুধবার আবার বৈঠক করেন।
খোন্দকার মোশাররফ বলেন, গোটা দেশের সাড়ে ৩ হাজার পোষাক কারখানার মধ্যে ৩৫০টিই আশুলিয়ায়। এতে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করছে।
“এসব মালিক কারখানা চালাতে না চাইলে এর সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। একটি কারখানার জন্য সকল শ্রমিক ও মানুষ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা কেউই চাই না।”
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- শ্রমিকদের সমস্যা রয়েছে, এমন কারখানাগুলোতে সংকট ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সদস্য ও শ্রমিক নেতারা কারখানা ফটকে সভা (গেট মিটিং) করবেন। এজন্য সকাল থেকেই শ্রমিক নেতারা ওই এলাকায় থাকবেন।
মন্ত্রী সব শ্রমিককে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিন। আর কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”
ত্রিপক্ষীয় বৈঠকের পর বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, “কোনো কারখানা বন্ধ হয়ে যাক, এটা আমরা কেউই চাই না। এতে দেশের ক্ষতি, অর্থনীতির ক্ষতি।”
“এজন্য ঘটনার গভীরে গিয়ে সমস্যাগুলো খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। কমিটিই খতিয়ে দেখবে, কেন বারবার এসব ঘটনা ঘটছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১৩৫ ঘ.
bdnews24