২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সার কারখানায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ১০

জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ১০ শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

জামালপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ১০ শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে কারখানায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। সরিষাবাড়ি থানার ওসি কামরুল এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির মধ্যে বিরোধ রয়েছে। দুপুরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পাঁচটি মোটরসাইকেল ও সিবিএ কার্যালয় ভাংচুর হয়। এসময় শ্রমিক নেতা বাবর আলী ও আমির খসরুসহ ৫ জন আহত হন। ওসি জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মতিয়ারসহ ১০ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৪২ ঘ.