বাগেরহাট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে অভিযানের সময় বনদস্যুদের ‘আশ্রয়-প্রশ্রয়’ দেওয়ার অভিযোগে তিন বনকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের দাবি, সুন্দরবনের পশ্চিম বিভাগে খুলনা রেঞ্জের পাটকোস্টা ক্যাম্প এলাকায় বুধবার বনদস্যুদের বিরুদ্ধে একটি অভিযানের পর তাদের গ্রেপ্তার করা হয়।
এ অভিযানে র্যাব প্রায় আড়াইশ’ রাউন্ড গুলি ছোঁড়ে এবং ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
গ্রেপ্তার হয়েছেন পাটকোস্টা ক্যাম্পের বনরক্ষী আজাদ শেখ (৩৪), নৌকাচালক তৈয়ব আলী (৫২) ও জসিম শিকদার (৩২)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনদস্যু মোর্তুজা বাহিনীর হাতে অপহৃত জেলেদের সন্ধানে র্যাব ও কোস্টগার্ড পাটকোস্টা ক্যাম্প এলাকায় অভিযান চালায়।
“সদস্যরা ক্যাম্পে পৌঁছে সেখানে আগে থেকে অবস্থান করা একদল বনদস্যুর উপস্থিতি টের পায়। তাদের পিছু হটাতে র্যাব ২৩৭ রাউন্ড গুলি ছোঁড়ে।”
পরে দস্যুরা পিছু হটলে ক্যাম্পের ভেতর থেকে দুটি এবং সংলগ্ন বন থেকে দস্যুদের ফেলে যাওয়া আরো দুটি আগ্নেয়াস্ত্রসহ গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক আরো বলেন, উদ্ধার করা হয়েছে- একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটার গান, এসএমজির একটি গুলি, তিনটি বন্দুকের গুলির খোসা ও ছয়টি চাপাতি।
“বনদস্যুদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং বন বিভাগের ক্যাম্পের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তিন বনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে,” যোগ করেন র্যাব কর্মকর্তা।
এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহম্মেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব বলেছে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকারী এবং বন বিভাগের মধ্যে অভিযানের ব্যাপারে সমন্বয় থাকলে ভাল হতো। বনকর্মীরা কোনো অপরাধ করলে বন বিভাগের কাছে তাদের হস্তান্তর করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেত।
তিনি আরো বলেন, “বনদস্যুদের হামলার ঝুঁকি থাকায় এবং দুর্গম এলাকা হওয়ায় সুন্দরবন পশ্চিম বিভাগের কয়েকটি ক্যাম্পে বনরক্ষীদের আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই। এরমধ্যে পাটকোস্টা ক্যাম্প অন্যতম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24