২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাছে ফরমালিন ব্যবহারকারীরা দেশের শত্রু’

মাছে ফরমালিন ব্যবহারকারীদের ‘দেশের শত্রু’ আখ্যায়িত করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, মানবদেহের জন্য ক্ষতিকর এ রাসায়নিক পদার্থটি মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। যারা এটি মাছে ব্যবহার করে তারা মানবতার শত্রু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছে ফরমালিন ব্যবহারকারীদের ‘দেশের শত্রু’ আখ্যায়িত করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, মানবদেহের জন্য ক্ষতিকর এ রাসায়নিক পদার্থটি মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। যারা এটি মাছে ব্যবহার করে তারা মানবতার শত্রু। ফরমালিন জাতীয় রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করতে তিনি মৎস্য বিভাগীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। মৎস্য অধিদপ্তরের বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ‘ফরমালিন সনাক্তকরণ ডিজিটাল কিটবক্স বিতরণ এবং জেলেদের নিবন্ধণ ও পরিচয়পত্র বিতরণ কার্যক্রমে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানে অধিদপ্তরের জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের এসব কার্যক্রম সম্পর্কে দিক-নির্দেশনাও দেওয়া হয়। পরে মন্ত্রী সাত বিভাগের জন্য সাতটি এবং ৬৪ জেলার জেলা মৎস্য কর্মকর্তাদের মাঝে ফরমালিন সনাক্তকরণ কিটবক্স বিতরণ করেন। ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক জিএম শামসুল কবির জানান, ২০১১ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া এ প্রকল্পের জন্য মোট বরাদ্দ হয়েছে সাত কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। আগামী ২০১৪ সালের জুন মাসে এ প্রকল্পটির কার্যক্রম শেষ হবে। প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৮০টি ডিজিটাল ফরমালিন কিটবক্স আমদানি করা হয়। এর প্রতিটির দাম পড়েছে এক লাখ ২৫ হাজার টাকা। প্রতিটি কিটবক্সের সেন্সর দুই বছর পর্যন্ত সক্রিয় থাকবে। মাইনাস ২০ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় এটি ব্যবহার করা সম্ভব হবে। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে এসব কিটবক্স দিয়ে ফরমালিন সনাক্ত করা সম্ভব। আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ফরমালিন প্রতিরোধে দেশে আইন রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ করে এদের তৎপরতা বন্ধ করা যাবে না। তাই গণসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রতিটি বাজার ও মাছের অবতরণ কেন্দ্রে এ নিয়ে প্রচার-প্রচারণা ও অভিযান চালাতে হবে। মৎস্য খাতে ফরমালিন বিরোধী তৎপরতা এবং জেলেদের পরিচয়পত্র দেওয়া প্রসঙ্গে লতিফ বিশ্বাস বলেন, মৎস্য খাত বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনকারী দ্বিতীয় বৃহত্তম খাত। শুধু চিংড়ি রপ্তানি করেই গত অর্থবছরে দেশে প্রায় চার হাজার ৬০৩ কোটি টাকা আয় হয়েছে। এজন্য এ খাতকে বিষাক্ত ফরমালিনমুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, দুই প্রকল্প পরিচালক জিএম শামসুল কবির ও আরিফুর রহমান তরফদার এবং বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১০৫ ঘ.