গাজীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল বাশার জামিনে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কারাগার থেকে বুধবার তার সঙ্গে ছাড়া পান একই মামলায় আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন আলীও।
কিন্তু ইয়াছিনকে অন্য একটি মামলায় কারাফটকেই আবার গ্রেপ্তার করা হয়।
এই মামলার আসামিদের মধ্যে এর আগে মুক্তি পান বিএনপি নেতা মির্জা আব্বাস ও ফজলুল হক মিলন এবং জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান।
কাশিমপুর কারাগারের কারাধ্যক্ষ আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল সাড়ে ৫টায় বাশার ও ইয়াছিনকে মুক্তি দেওয়া হয়ে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ইয়াছিন আলীকে পল্লবী থানার একটি মামলায় কারাফটক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ এপ্রিল ১৮ দলের ডাকা হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৪ জনকে আসামি করা হয়।
এ মামলায় ১৬ মে মির্জা ফখরুলসহ ৩৩ নেতাকে কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালত থেকে জামিন পান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৮ ঘ.
bdnews24