২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ভবনে গুলির ঘটনায় একজন গ্রেপ্তার

দরপত্র পেতে আধিপত্য বিস্তারের জেরে সড়ক ভবনে গুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র পেতে আধিপত্য বিস্তারের জেরে সড়ক ভবনে গুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার আবুল কালাম আজাদ এ মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার রাত আড়াইটার দিকে তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে মঙ্গলবার বিকালে ক্ষমতাসীন দলের সমর্থক দুটি পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় আবুল কালাম আজাদসহ চারজনের নাম উল্লেখ করে ২০-২৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন গোলাম আযম মামুন নামের এক ঠিকাদার। মামলার অন্য আসামিরা হলেন- সড়ক ভবনের সিবিএ নেতা কামাল উদ্দিন, ফজলুর রহমান ও রফিকুল ইসলাম। গুলিতে আহত শামীম শাহরিয়ারের সহযোগী ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী তৌহিদ জানান, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মধ্যে সড়ক ভবনের কয়েকটি টেন্ডার নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে ১০ দিন আগে শাহবাগ থানায় একটি মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসিট/জেকে/১৭২৪ ঘ.