ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে অস্থিরতা ঠেকাতে শ্রমিক নেতা আমিনুল ইসলামের খুনিদের খুঁজে বের করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “পুরো শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। গার্মেন্টসকে রক্ষা করুন, শ্রমিকদের বাঁচান। দেশকে রক্ষা করুন।”
দেশের সবচেয়ে বড় এই রপ্তানি খাত নিয়ে ‘সবাই উদ্বিগ্ন’ উল্লেখ করে মিজানুর বলেন, “একটি প্রভাবশালী রাষ্ট্রের রাষ্ট্রদূত যে মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে, এ শিল্পকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। এতে করে বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতারা দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন।”
যুুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, শ্রমিক নেতা আমিনুল ইসলাম খুন হওয়ার ঘটনায় আমেরিকার ক্রেতারা উদ্বিগ্ন। ওই ঘটনা বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকরা গত কয়েক মাসে আশুলিয়া ও নারায়ণগঞ্জে বেশ কয়েকবার সড়ক অবরোধ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সাভারের নরসিংহপুরে গত সোমবার থেকে তিন দিন ধরে প্রতিদিনই বিক্ষোভ ও সংঘর্ষ চলছে।
এই সহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অধ্যাপক মিজানুর বলেন, “শ্রমিক নেতা আমিনুল ইসলামকে কারা হত্যা করেছে তার উত্তর দিন। এতে গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে।”
“এই হত্যাকা-ের তদন্ত চলছে, অগ্রগতি আছে- এ ধরনের কথা বলে আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। এখনই হত্যাকারীদের মুখোশ উন্মোচন করতে হবে”, যোগ করেন তিনি।
গত ৪ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন আমিনুল। পরদিন টাঙ্গাইলের একটি কলেজের সামনে তার লাশ পাওয়া যায়। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে এই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন। মার্কিন রাষ্ট্রদূতও এ বিষয়ে বিভিন্ন সময় তার অবস্থান তুলে ধরে বক্তব্য দেন।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন নিয়ে বেসরকারি সংস্থা ‘কর্মজীবী নারী’ এবং ‘মানুষের জন্য’ জাতীয় প্রেসক্লাবে এই সেমিনারে আয়োজন করে। আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, আইনটির কিছু ধারা সংশোধন করে আইনটিকে শ্রমিকবান্ধব করা প্রয়োজন।
বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার বলেন, “শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের অনেক ভালো দিক রয়েছে। কিন্তু এর বাস্তবায়ন সস্তোষজনক নয়।”
“আইন প্রণয়নের ছয় বছর পার হয়ে গেলেও ছয়টি বাজেটে আইনটি গুরুত্ব পয়নি। তাই বাজেটে বরাদ্দ পেতে সবাইকে দাবি তুলতে হবে,” বলেন এই নারী নেত্রী।
কর্মজীবী নারীর ভারপ্রাপ্ত সভাপতি প্রতিমা পাল মজুমদারের সভাপতিত্বে সেমিনারে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ফয়জুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/জেকে/১৬৫৬ ঘ.
bdnews24