২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক লাঞ্ছিত: পুলিশের তদন্ত চলছে

নরসিংদীতে জজ আদালতের ফটকে বিচারককে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের তদন্ত কমিটির কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 02:07 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

নরসিংদী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে জজ আদালতের ফটকে বিচারককে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের তদন্ত কমিটির কাজ চলছে। মঙ্গলবার কমিটির সদস্যরা লাঞ্ছিত বিচারক যুগ্ম-জেলা ও দায়রা জজ-২ মো. ইমান আলী শেখের সাক্ষ্য নিতে গেলে তিনি ঘটনা সম্পর্কে বলতে অপারগতা প্রকাশ করেন। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুরে তারা বিচারকের সাক্ষ্য নেওয়ার জন্য তার কার্যালয়ে গিয়েছিলেন। “কিন্তু বিচারক ঘটনা সম্পর্কে তদন্ত কমিটির কাছে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে পরবর্তীতে জানাবেন বলে জানান।” মোখলেছুর আরো বলেন, ইতোমধ্যে তদন্ত কাজ কিছুটা এগিয়েছে। ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নিদিষ্ট সময়ের মধ্যেই তা শেষ করা সম্ভব হবে। সোমবার সকাল থেকে তদন্ত কমিটির তিন সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোখলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) আলমগীর হোসেন ও আদালত পরিদর্শক আব্দুল কাইয়ূম তদন্ত কাজ শুরু করেন। এদিকে ছুটি শেষে মঙ্গলবার কর্মস্থলে যোগ দিয়েছেন জেলা ও দায়রা জজ ড. মো. শাহজাহান। তিনি সকাল দশটায় নিজ কার্যালয়ে বিচারকদের নিয়ে সভা করেন। এ কারণে দুপুর ১২টা পর্যন্ত আদালতের বিচার কাজ বন্ধ ছিল। পরে আদালতের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। রোববার নরসিংদী জেলা জজ আদালতের প্রধান ফটকে পুলিশের হাতে লাঞ্ছিত হন বিচারক মো. ইমান আলী শেখ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনায় জড়িত তিন পুলিশ সদস্য নায়েক আবদুস সালাম, নায়েক রুহুল আমীন ও কনস্টেবল কলিমউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে হাইকোর্ট এ ঘটনায় নরসিংদী জেলা পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ও এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহার আদালত ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম তা তদন্ত করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৫৫ ঘ.