ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বিদায়ী বিমান প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হলেন। জিয়াউর মঙ্গলবারই অবসরে গেলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনী সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ইনামুল বারী বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিমান সদরে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিমান বাহিনী বিদায়ী প্রধান জিয়াউর রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
শেষে বিদায়ী প্রধানকে বিমান সদরের একটি চৌকষ দল বিএএফ কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে।
গত ৬ জুন ৩ বছরের জন্য বিমান বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। ওই দিনই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে তাকে ১২ জুন থেকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৯৩২ ঘ.
bdnews24