ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা একটি আবেদনের বিষয়ে বিচারিক আদালতের আদেশ রিভিশনের শুনানি হবে আগামী বৃহস্পতিবার।
হাই কোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর একক বেঞ্চ মঙ্গলবার শুনানির এই তারিখ দেয়। আদালত বলেছে, ওইদিন কোনো পক্ষ শুনানি মুলতবির আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
খালেদা জিয়ার শিক্ষা সনদ, বিবাহ নিবন্ধনসহ বিভিন্ন সময়ের সরকারি কাগজপত্রে একাধিক জন্ম তারিখ থাকায় এ নিয়ে বিতর্ক রয়েছে। নথিপত্রে অক্টেবরে জন্মদিনের উল্লেখ থাকলেও তিনি তা পালন করে ১৫ অগাস্ট। ১৯৭৫ সালে ওই দিনে ঘাতকের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫ অগাস্ট খালেদার জন্মদিন পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ১৯৯৭ সালের ২০ অগাস্ট ঢাকার সহকারী জজ আদালতে একটি মামলা করেন অ্যাডভোকেট মো. সোহরাওয়ার্দী।
পরের বছরের ১১ অগাস্ট খালেদা জিয়া মামলাটি খারিজ করার আবেদন করলে ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর অতিরিক্ত সহকারী বিচারক মো. শফিকুর রহমান তা নাকচ করে দেন।
বিচারিক আদালতের ওই আদেশ রিভিশনের আবেদন করা হলে একই বছর ২৯ সেপ্টেম্বর হাই কোর্ট রুল জারির পাশাপাশি মূল মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। মামলা খারিজের আবেদন নাকচের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
২০০৯ সালে ওই রুলটি শুনানির জন্য কার্য তালিকায় আসলে খালেদা জিয়ার পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। সর্বশেষ গত ১৬ নভেম্বর ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা জানিয়ে পুনর্বিবেচনার এ আবেদনটি হাইকোর্টের তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করা হয় খালেদা জিয়ার পক্ষ থেকে। পরে মামলাটি প্রধান বিচারপতির দপ্তর থেকেও ঘুরে আসে।
মূল মামলার আইনজীবী ফরিদুল আলম তালুকদার সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চে রুল শুনানির জন্য উপস্থাপন করেন। মঙ্গলবার মামলাটি কার্যতালিকায় আসলে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আবার সময় প্রার্থনা করেন।
তিনি বলেন, “এ বিষয়ে শুনানি করবেন খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ। তাই আমাদের সময় প্রয়োজন।”
এ পর্যায়ে আদালত বলেন, ওই আইনজীবীতো অসুস্থ, আদালতে আসেন না।
কাজল বলেন, “পরামর্শের বিষয় আছে। এছাড়া অন্য আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন রয়েছেন। তাই সময়ের প্রয়োজন।
আদালত বলেন, “১৯৯৯ সালে রুল হয়েছে। এতো বছর একটি মামলা ঝুলে আছে। আর সময় দেওয়া যাবে না। ইন্টারলোকেটরি একটি আদেশের বিষয়ে এতো বছরেও আমরা নিস্পত্তি করতে না পারলে কীভাবে হবে।”
কাজলের অনুরোধে পরে আদালত জানায়, বৃহস্পতিবার মামলাটি কার্য তালিকার শীর্ষে থাকবে। ওইদিন কোনো পক্ষ সময় চাইলেও আর সময় দেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬১৫ ঘ.
bdnews24