২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত হত্যাভারতকে প্রতিশ্রুতি পূরণ করতে হবে: এইচআরডব্লিউ

সীমান্তে বিএসএফের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আবার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 04:58 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আবার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বিএসএফ সদস্যদের হাতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক নির্যাতিত ও নিহত হওয়ার সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরে সংস্থাটি সোমবার এক বিবৃতিতে বলেছে, এসব ঘটনার তদন্ত করে দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখী করা উচিৎ। বিবৃতিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে নির্বিচারে হত্যা বন্ধের ব্যাপারে বাংলাদেশ সরকারকে বার বার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ ও ভারতীয় মানবাধিকার সংগঠনগুলোর প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বিএসএফ সদস্যরা বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতন ঘটিয়েই চলেছে, আর সীমান্তের দুই পাশের নাগরিকরাই এর শিকার হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “দিল্লি থেকে সংযম প্রদর্শন ও মানবাধিকার রক্ষার নির্দেশ দেওয়া হলেও সীমান্তে বিএসএফ সদস্যরা তাদের নির্যাতনের পুরনো পদ্ধতি ফিরিয়ে আনছে।” “ভারতের কেন্দ্রীয় সরকারও এর দায় এড়াতে পারে না, কেননা তারা জবাবদিহিতা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। এ ধরনের সহিংসতা বন্ধ করতে হলে সুবিচার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই”, বলেন মীনাক্ষী। ২০১০ সালের ডিসেম্বর মাসে কলকাতাভিত্তিক বেসরকারি সংস্থা বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) এবং ঢাকাভিত্তিক সংস্থা অধিকারকে সঙ্গে নিয়ে ‘ট্রিগার হ্যাপি: এক্সেসিভ ইউজ অব ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দি বাংলাদেশ বর্ডার’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। ওই প্রতিবেদনে বিএসএফের হাতে বিপুল সংখ্যক বাংলাদেশি হত্যা, নির্যাতন ও বিনা বিচারে আটকে রাখার ঘটনা নথিভুক্ত করার পাশাপাশি ওইসব ঘটনার তদন্ত ও জড়িতদের বিচার করার ব্যাপারে ভারত সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর সীমান্তে ‘প্রাণঘাতী নয়’- এমন অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, “ভারত সরকারের ওই সিদ্ধান্তের পর এক বছরে বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এলেও সাম্প্রতিক কিছু তথ্য উপাত্তে দেখা যাচ্ছে যে, বিএসএফ সদস্যরা সীমান্তের দুই পাশের মানুষের ওপরই বিভিন্নভাবে নির্যতন চালিয়ে যাচ্ছে। গুলি করে হত্যা বন্ধের নির্দেশ থাকায় তারা সন্দেহভাজন চোরাকারবারিদের ধরে নির্দয়ভাবে পেটাচ্ছে এবং বিভিন্নভাবে নির্যাতন করছে, ফলে বিএএসএফের হেফাজতেই তাদের মৃত্যু ঘটছে। চলতি বছরের ১২ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবু শেখ নামে ২১ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা এবং ১৪ ফেব্রুয়ারি বিএসএফের নির্যাতনে দিনাজপুরের বাসিন্দা মিজানুর রহমানের মৃত্যুর দুটি ঘটনাও বিবৃতিতে তুলে ধরেছে এই মানবাধিকার সংস্থা। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “সীমান্তে নির্যাতন বন্ধ এবং সীমান্তরক্ষী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি ভারত সরকার দিয়েছিল, তা পূরণ করার এখনই সময়। আর একইসঙ্গে বাংলাদেশ সরকারকেও সীমান্তে নৃশংসতা বন্ধের জন্য প্রকাশ্যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৪৫ ঘ.