২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাস-মিলন মুক্ত

বিএনপি অভিযোগ করে আসছিল, জনসভায় নেতাদের অংশগ্রহণ ঠেকাতে জামিন পাওয়ার পরও নেতাদের মুক্তি দেওয়া হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় আটক বিএনপি নেতা মির্জা আব্বাস ও ফজলুল হক মিলন কারাগার থেকে ছাড়া পেয়েছেন। গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিনের আদেশ হলেও তার তিন দিন পর সোমবার রাতে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিন বিকালে নয়া পল্টনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের জনসভা হয়। এতে আটক নেতারা যেন অংশ নিতে না পারে, সেজন্য তাদের মুক্তিতে দেরি করা হয় বলে বিএনপি নেতাদের অভিযোগ। দুই বিএনপি নেতার ছাড়া পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম। তিনি বলেন, “জামিন আদেশ পাওয়ায় ফজলুল হক মিলনকে ৯টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মির্জা আব্বাস বারডেম হাসপাতাল থেকে সাড়ে ৯টায় মুক্তি পেয়েছেন।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের একান্ত সহকারী সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মির্জা আব্বাস রাতে হাসপাতালেই থাকবেন। সকালে তিনি বাসায় ফিরবেন। এম ইলিয়াস আলী ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে হাতবোমার বিস্ফোরণের মামলায় এই দুজনসহ বিএনপির শীর্ষ পর্যায়ের ৩৫ জনের বেশি নেতাকে কারাবন্দি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা গাজীপুর কাশিমপুর কারাগারে রয়েছেন। মির্জা আব্বাস ও মিলনের মতো তাদেরও জামিন হয়েছে। হরতালের দুটি মামলার আসামি বিরোধী সংসদ সদস্যরা এর আগে জামিনে মুক্তি পেয়েছিলেন। মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের ৩০ নেতাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়। হাতবোমা বিস্ফোরণের মামলায় ফখরুলসহ আসামি ২৯ জন। একটি মামলায় জামিন হলেও অন্য মামলায় গত ১৬ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করা হলে বিএনপি নেতাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/২৩০০ ঘ.