২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগের জন্য ঘুষ প্রস্তাব চট্টগ্রামের সিভিল সার্জনকে

চাকরিতে নিয়োগের জন্য মোবাইল ফোনে এসএমএসে ঘুষের প্রস্তাব আসায় থানায় অভিযোগ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিতে নিয়োগের জন্য মোবাইল ফোনে এসএমএসে ঘুষের প্রস্তাব আসায় থানায় অভিযোগ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব। সোমবার কোতোয়ালি থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আবু তৈয়ব জানান, তৃতীয় শ্রেণীর কর্মচারী পদে তিন প্রার্থীকে নিয়োগদানের অনুরোধ করে রোববার রাতে তার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসএমএসে ব্যক্তিগত সঞ্চয়ী হিসাব নম্বরও পাঠাতে বলে। তাই কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেছি।” এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন মন্ত্রী-সংসদ সদস্য ও কর্মকর্তার এপিএস পরিচয় দিয়ে চাকরির জন্য তদবির করছেন বলেও জানান তিনি। গত শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেণীর কর্মচারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয়। পরীক্ষার পর গত রোববার রাতে এসএমএসে তিন প্রার্থীর রোল নম্বর উল্লেখ করে ৩ লাখ টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেণীর কর্মচারী পদে নিয়োগে এবার ৫ হাজার ৫০৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২১২ ঘ.