২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি সেজে এখন পুরোপুরি আসামি

হত্যাচেষ্টা মামলার আসামির হয়ে আদালতে হাজিরা দিতে গিয়ে ফেঁসে গেছেন সাতজন। তাদের এখন কারাভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাচেষ্টা মামলার আসামির হয়ে আদালতে হাজিরা দিতে গিয়ে ফেঁসে গেছেন সাতজন। তাদের এখন কারাভোগ করতে হবে। তারা হলেন- রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার মাইনুল ইসলাম, রবিন মিয়া, মোস্তফা, অহিদ মিয়া, রাজা মিয়া, শিরিন সুলতানা ও সাইফুল ইসলাম। সোমবার দুপুরে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর কামরুজ্জামানের আদালতে একটি মামলার সাক্ষ্যগ্রহণের দিন তারা প্রতারণার আশ্রয় নিয়ে ফেঁসে যান বলে মামলার বাদি পক্ষের আইনজীবী মো. শওকাতুল ইসলাম জানিয়েছেন। আদালতে উপস্থিত মামলার বাদি বিচারকের কাছে এই সাতজনের আসল পরিচয় ফাঁস করে দিলে সঙ্গে সঙ্গে বিচারক তাদের এক বছর করে কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মো. আবদুর রহমান কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দণ্ডিতরা পরস্পরের আত্মীয়। শিরিন অন্যদের আসামি সাজিয়ে আদালতে হাজিরা দিতে নিয়ে আসেন। অপকর্মের জন্য বিচারকের কাছে দোষ স্বীকার করে তারা ক্ষমা চান। কিন্তু বিচারক তাতে সন্তুষ্ট না হয়ে তাদের ওই শাস্তি দেন।” তিনি বলেন, এই সাতজনের মধ্যে মাইনুল মামলার প্রকৃত আসামি বাবু সেজে, রবিন আসামি জসীম সেজে, মোস্তফা আসামি আনোয়ার সেজে, অহিদ আসামি মনোয়ারের পরিচয়ে, রাজা ওয়াসিম সেজে এবং শিরিন তার মা আসমা সেজে আদালতে হাজিরা দেন। সাইফুল অন্য এক আসামির পরিচয়ে হাজিরা দেন। মামলার নথিসূত্রে দেখা যায়, জমি বিরোধের জেরে ২০১০ সালের ৩ ডিসেম্বর বাদি মো. নোমানের সঙ্গে আসামিদের মারামারি হয়। পরের দিন বাড্ডা থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা হয়। মো. বেলাল নামের একজন আইনজীবী তাদের হাজিরার কাগজে স্বাক্ষর দেন। প্রতরাণার ঘটনা ফাঁস হওয়ার পর ওই আইনজীবী এজলাস থেকে দ্রুত কেটে পড়েন বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এমআই/১৭৪১ ঘ.