চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিমানবাহিনীর নামে ট্রেনের টিকিট বরাদ্দ নিয়ে তা কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা তদন্তে রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (সিওএস) বেলাল উদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবাহিনীর এক কর্মকর্তার সই জাল করে ওই বাহিনীর দুই সদস্য বৃহস্পতি ও শুক্রবার ট্রেনের ১১৫টি টিকিট বরাদ্দ নিয়ে কালোবাজারিদের যোগসাজশে বাইরে বিক্রি করে।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “টিকিট বরাদ্দ দেওয়ার পর আমাদের সন্দেহ হলে ওই দুদিনে দুই বগির যাত্রীদের সঙ্গে কথা বলে টিকিট কালোবাজারে বিক্রির সত্যতা পাই।”
বিষয়টি বিমানবাহিনীকেও জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, টিকিট বরাদ্দের আবেদনের বিষয়ে অবহিত নন বলে বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।
তবে তারা সৈনিক পদমর্যাদার ওই দুই সদস্যকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বলে বিমান বাহিনী জানিয়েছে।
এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে বেলাল উদ্দিন বলেন, ঘটনা তদন্তে রোববার তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
কমিটিতে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিফ একাউন্টস অফিসার ও চিফ কমার্শিয়াল ম্যানেজারকে (চলতি দায়িত্ব) সদস্য করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান, পতেঙ্গা জহুরুল হক ঘাঁটির উইং কমান্ডার মনিরুল ইসলামের সই জাল করে বৃহস্পতিবার রাতে তূর্ণা নিশীথা ও শুক্রবারের মহানগর গোধূলীর জন্য দুটি বগিতে টিকিট বরাদ্দের আবেদন করেন বিমানবাহিনীর দুই সদস্য।
এর বিপরীতে রেলওয়ে কর্তৃপক্ষ দুইদিনে শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার ও শোভন চেয়ার মিলিয়ে ১১৫টি টিকিট বরাদ্দ দেয়। পরবর্তীতে ওই টিকিটগুলো কয়েকগুণ বেশি দামে কালোবাজারে বিক্রি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এমআই/১৬৫৭ ঘ.
bdnews24