২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারককে পিটুনি: তিন পুলিশ কর্মকর্তাকে তলব

নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনায় জেলার পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনায় জেলার পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে হাই কোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। এই তিন পুলিশ কর্মকর্তা হলেন- নরসিংদীর পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা। আগামী ২০ জুন হাই কোর্টে উপস্থিত হয়ে ওই ঘটনার বিষয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে তাদের। একইসঙ্গে ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলেছে আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নরসিংদীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের ওসিকে এই রুলের জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন শামীম সোমবার দুপুরে এই রিট আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন সুপ্রিম আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম সাইফুদ্দিন। রোববার সকালে নরসিংদী জজ আদালতের মূল ফটকে ওই বিচারককে হেলমেট ও লাঠি দিয়ে পেটায় পুলিশ। তাকে কিল-ঘুষিও মারা হয়। এ ঘটনায় পুলিশের নায়েক মো. আব্দুস সালাম, নায়েক রুহুল আমীন ও কনস্টেবল কলিমউল্লাহকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোকলেসুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে আইন মন্ত্রণালয় একটি কমিটি করেছে। এক সদস্যের ওই কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে আইন সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। নরসিংদী জেলা জজ আদালতের নাজির রাকিুবুল হাসান সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে একটি মামলাও দায়ের করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল, নায়েক সালাম, নায়েক রুহুল আমীন, কনস্টেবল কলিমুল্লাহসহ অজ্ঞাতপরিচয় আরো ৭ জনকে এ মামলার আসামি করা হয়েছে। হাকিম নিতাই চন্দ্র সাহা মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে ওই ঘটনার তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিসি/জেকে/১৬৪৯ ঘ.