২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত পণ্য বহন নিয়ন্ত্রণে নীতিমালা অনুমোদন

সড়ক ও মহাসড়কে অতিরিক্ত পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে ‘মোটরযান এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা নীতিমালা, ২০১২’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও মহাসড়কে অতিরিক্ত পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে ‘মোটরযান এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা নীতিমালা, ২০১২’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ নীতিমালার আলোকে যানবাহনে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ করা হবে। দেশের বিভিন্ন সড়কের চলাচলকারী সব ধরনের যানবাহন এ নীতিমালার আওতায় নিয়ন্ত্রিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “যানবাহনে অতিরিক্ত পণ্য বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিয়ম বহির্ভূতভাবে এ ধরনের যান চলাচলের কারণে সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, সরকার ১৯৮৩ সালের মোটরযান নিয়ন্ত্রণ আইনের অধীনে ইতোমধ্যে গেজেট প্রকাশ করে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। এতে একেক ধরনের যানবাহনের জন্য ওজন পরিবহনের সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সচিব জানান, অনুমোদিত নীতিমালায় ১০টি অধ্যায় রয়েছে। এতে নীতিমালার উদ্দেশ্য, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, সমন্বয় কমিটি গঠন, সহায়তা দানকারী কর্তৃপক্ষের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। এছাড়া গত ১ থেকে ৫ মে ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নেন্সের ৪৫তম বার্ষিক সভা এবং ২৬ থেকে ৩১ মার্চ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ‘কমিটি অব ফিসারিজ’ এর মৎস্য চাষ সংক্রান্ত উপ-কমিটির সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৫৫ ঘ.