২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারককে পিটুনি: তিন পুলিশ বরখাস্ত, মামলা

নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় সাত পুলিশ সদস্যকে আসামি করে একটি মামলা হয়েছে নরসিংদীর আদালতে। রোববার সকালে নরসিংদী জজ আদালতের মূল ফটকে ওই বিচারককে হেলমেট ও লাঠি দিয়ে পেটায় পুলিশ। তাকে কিল-ঘুষিও মারা হয়। পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নরসিংদীর নায়েক মো. আব্দুস সালাম, নায়েক রুহুল আমীন ও কনস্টেবল কলিমউল্লাহকে সাময়িত বরখাস্ত করা হয়েছে। “প্রাথমিকভাবে এই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে”, বলেন কামরুল। বিচারিক হাকিম ইমান আলী শেখকে পেটানোর ঘটনা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোকলেসুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- নরসিংদীর সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন ও পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম। এদিকে নরসিংদী জেলা জজ আদালতের নাজির রাকিবুল হাসান সোমবার প্রধান বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে একটি মামলা করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ ম-ল, নায়েক সালাম, নায়েক রুহুল আমীন, কনস্টেবল কলিমুল্লাহসহ অজ্ঞাতপরিচয় আরো ৭ জনকে এ মামলার আসামি করা হয়েছে। হাকিম নিতাই চন্দ্র সাহা মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে ওই ঘটনার তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমডি/জেকে/১৫৩৯ ঘ.