২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৭

পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে রোববার রাতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

সাভার, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে রোববার রাতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো টাকা উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। ঢাকা-আরিচা সড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার হন মুসফিকুর রহমান (৩৫), নুরুজ্জামান (৫০), কামরুল ইসলাম (২৫), ইকবাল হোসেন (৩০), মুনসুর আলী (৫২), আমিনুল ইসলাম (৫০) ও বিমল (২৫)। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জের ব্যবসায়ী শাহরিয়ার সরোয়ার জমি রেজিস্ট্রি করার জন্য ২৫ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা তাকে আটক করে। প্রতারণার অভিযোগে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে সাভারের দিকে রওয়ানা দেয়। কিছুদূর যাওয়ার পর ২৫ লাখ টাকা রেখে দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এসআই আরো বলেন, ব্যবসায়ী বিষয়টি মানিকগঞ্জ সদর থানায় জানানোর পর রাত ৮টার দিকে নবীনগর বাসস্ট্যান্ডে অবরোধ দিয়ে পুলিশ মাইক্রোবাসসহ সাতজনকে আটক করে। এরা সবার পরনে পুলিশের প্যান্ট ছিল। এ সময় তাদের কাছ থেকে এক জোড়া হাতকড়া, পুলিশের দু’টি টুপি, একটি বেল্ট, একটি ম্যাগজিনের কভার ও একটি লাঠি উদ্ধার করা হয়। তবে তাদের কাছে কোনো টাকা পাওয়া যায়নি বলে জানান এসআই। তিনি আরো জানান, মুসফিকুর রহমানের কাছ থেকে সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে। তিনি সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখাতেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০০০ ঘ.