২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিশাত হত্যা: গ্রেপ্তার দুজন রিমান্ডে

নিশাত বানু হত্যা মামলায় গ্রেপ্তার দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিশাত বানু হত্যা মামলায় গ্রেপ্তার দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তারা হলেন সেলিম তালুকদার ও সাইফুল তালুকদার। এই দুই ভাই নিশাতদের রেস্তোরাঁ ভাড়া নিয়ে চালাতেন বলে নিহতের পরিবারের দাবি। রোববার আদালতে সেলিম ও সাইফুলকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক। ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক তাদের তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। ওই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আরশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ভাইয়ের পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করেন বিচারক। রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের ২৭/১৩ নম্বর বাড়িতে মঙ্গলবার রাতে খুন হন নিশাত বানু (৪৬)। দুদিন পর বৃহস্পতিবার এ হত্যাকা- সম্পর্কে জানাজানি হয়। নিহতের মা খালেদা বানু (৭৩) বৃহস্পতিবার রাতে এ ঘটনায় অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেন। হত্যাকারীরা ৩০ হাজার টাকা ও ছয়টি দলিল নিয়ে যায় বলে খালেদার অভিযোগ। সাইফুল ও সেলিমকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারা বলছেন, তোপখানা রোডে ‘অ্যাপায়ন’ রেস্তোরাঁর তারা মালিক। তবে খালেদা বানুর অভিযোগ, তার মালিকানাধীন ‘আপ্যায়ন’ রেস্তোরাঁটি ২০ বছর আগে সাইফুল ও সেলিম ভাড়া নেয়। তারা কখনো ভাড়া দেয়নি। ভাড়া চাইলে নানাভাবে হুমকি দিত। বাকি সম্পত্তি দখলের জন্য সাইফুল ও সেলিম এই হত্যাকা- ঘটিয়েছে বলে খালেদার সন্দেহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/২২০৫ ঘ.