ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়াভিত্তিক দুটি কেন্দ্রে চুক্তির শর্তের চেয়ে কম বিদ্যুৎ উৎপাদনের কারণ খতিয়ে দেখতে ১০ দিন আগে কমিটি গঠন করা হলেও তারা কাজই শুরু করতে পারেনি।
কমিটি বলছে, সরেজমিন তদন্তে শিগগির কেন্দ্র দুটিতে যাওয়ার দিনক্ষণ নির্ধারণ করা হবে।
কুষ্টিয়ার ভেড়ামারায় অটবির সহযোগী প্রতিষ্ঠান কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের ১১০ মেগাওয়াট এবং যশোরের নোয়াপাড়ায় ১০৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র দুটিতে কম উৎপাদনের বিষয় তদন্তে গত ৩১ জানুয়ারি ওই কমিটি করা হয়।
পাওয়ার সেলের মহাপরিচালক মাহবুব সারোয়ার-ই-কায়নাতকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের এ কমিটিকে সে সময় চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুুৎ বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন) আনোয়ার হোসেন, পিডিবির সদস্য (উৎপাদন) তমাল চক্রবর্তী, পিডিবির পরিচালক (আইপিপি সেল-১) মো. শামসুল হাসান মিয়া এবং পাওয়ার সেলের পরিচালক (প্রাইভেট পাওয়ার) সাইদ আহমেদ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে ভেড়ামারা কেন্দ্র থেকে সর্বোচ্চ ৩৩ মেগাওয়াট এবং নোয়াপাড়া কেন্দ্র থেকে সর্বোচ্চ ১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
তেলভিত্তিক এ কেন্দ্র দুটির সঙ্গে ২০১০ সালের ফেব্রুয়ারিতে চুক্তি করে সরকার। সে বছরের ডিসেম্বরে কেন্দ্র দুটি উৎপাদনে আসে।
১০ দিনেও কাজ শুরু করতে না পারার কারণ জানতে চাওয়া হলে কমিটি প্রধান মাহবুব সারোয়ার বলেন, “তদন্তের জন্য সরেজমিনে কেন্দ্র দুটিতে যেতে হবে। যেহেতু কমিটিতে কয়েকজন সদস্য রয়েছে, তাই সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই সেখানে যাওয়ার দিনক্ষণ ঠিক করা হবে।”
তদন্ত কমিটিকে পিডিবির বিরুদ্ধে কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের দায়ের করা মামলা এবং সরকারের সঙ্গে চুক্তির বিষয়টি পর্যালোচনার জন্য কোয়ান্টামের আবেদনের যৌক্তিকতাও বিবেচনা করতে বলা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুণ্ডের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এএল/২১৩৩ ঘ.
bdnews24