ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়েতে নিয়োগ দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রেলভনে রেল ইঞ্জিন সংগ্রহে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “রেলওয়েতে নিয়োগের দুর্নীতির অভিযোগ গঠিত তদন্ত কমিটি রেলসচিবের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি হাতে এলেই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর রেলওয়েতে নিয়োগে দুর্নীতির অভিযোগে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
রেল কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় পৃথকভাবে তদন্ত করে। গত ২২মে রেলের তদন্ত কমিটি এবং গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।
১৬টি ইঞ্জিন কেনায় চুক্তি
১৬টি ব্রডগেজ লোকোমোটিভ কেনার জন্য ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান রাইটস্ লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তি করছে।
রোববার রেলভবনে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক শামসুজ্জামান এবং রাইটস্ লিমিটেডের পরিচালক সুমিত সিন্হা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী একেকটি লোকোমোটিভের দাম পড়বে প্রায় ২৬ কোটি টাকা। ১৮ মাস পর লোকোমোটিভ সরবরাহ শুরু করবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেল বিভাগের সচিব ফজলে কবির, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের রেলওয়ে উপদেষ্টা চন্দ্রিমা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫২৩ ঘ.
bdnews24