ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রীয় সম্মাননা নিলেন সৌদি ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল।
সৌদি আরবের কিংডম হোল্ডিং কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আল-ওয়ালিদ সকাল ১০টার পর ঢাকায় পৌঁছান। এরপর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি প্রিন্সকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডাল দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিনিয়োগের সুযোগ, জলবায়ুর পরিবর্তনজনিত বিরূপ প্রভাবের চ্যালেঞ্জ, পর্যটক খাত ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এই সৌদি ব্যবসায়ীকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয় তারপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ শাহরিয়ার জামান জানান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং মন্ত্রিপরিষদ সচিব মোশারাফ হোসাইন ভূইঞা ও বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদকে তিনি অনুষ্ঠানস্থলে ঢুকতে দেখেছেন।
মধ্যাহ্নভোজের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গেও দেখা করার কথা রয়েছে প্রিন্স আল-ওয়ালিদের। সংক্ষিপ্ত এই সফর শেষে বিকাল ৩টায় তিনি ফিরতি প্লেন ধরবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ধনীর তালিকায় ১৮ বিলিয়ন ডলারের মালিক আল-ওয়ালিদ বিন তালাল রয়েছেন ২৯তম অবস্থানে। এর আগে ২০০৫ সালেও একবার বাংলাদেশে এসেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৩৩২ ঘ.
bdnews24