২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দাদি-নাতনি খুন

সিলেট শহরতলীতে শনিবার দুপুরে নিজের ঘরে খুন হয়েছেন দাদি ও নাতনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

সিলেট, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শহরতলীতে শনিবার দুপুরে নিজের ঘরে খুন হয়েছেন দাদি ও নাতনি। নিহতরা হলেন পূর্ব দলইপাড়ার আমিনা বেগম (৭০) ও তার নাতনি সাদিয়া আক্তার (৬)। সাদিয়া স্থানীয় প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এ সময় এ দু’জন ছাড়া আর কেউ বাড়িতে কেউ ছিল না বলে পরিবারের লোকজন জানিয়েছেন। আমিনার পুত্রবধূ মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার শাশুড়ি ছোট ছেলে নাসির উদ্দিনের সঙ্গে থাকতেন। বেলা ২টার দিকে তার ছেলে সুমন (১০) দাদীকে দেখতে নাসিরের বাড়ি আসে। এ সময় ঘরের দরজা খোলা ছিল ও উঁচু ভলিউমে টিভি চলছিল। কিন্তু, ঘরের কোথাও দাদিকে না দেখে সে পাশের বাড়ির চাঁন মিয়ার স্ত্রীকে ডাক দেয়। চাঁন মিয়ার স্ত্রী ও সুমন পরে ঘরের স্টোর রুমে আমিনা বেগম ও সাদিয়ার লাশ দেখে চিৎকার দেয়। পরে লোকজন এসে পুলিশে খবর দেয়। শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার সাংবাদিকদের বলেন, আমিনা বেগমের ঘাড়ের বামপাশে ছুরিকাঘাত, চোখ ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। সাদিয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্যভূষণ বড়–য়া বলেন, খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২২৪ ঘ.