গাজীপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে আসামি ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে হত্যার প্রমাণ মিলেছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
এ ঘটনায় কালীগঞ্জ থানার এক এসআইকে বরখাস্ত এবং দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
২৯ মে রাতে মামুন ভুইয়া (৩২) নামে এক মুদি ব্যবসায়ীকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে কুপিয়ে খুন করে প্রতিপক্ষের লোকজন।
মামুন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের হোসেন আলীর ছেলে।
ওই ঘটনায় ৩১ মে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন- কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আবুল খায়ের।
বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।
তদন্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপোর্টে কর্তব্যে অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দে’কে সর্Ÿোচ্চ শাস্তি এবং অন্য দু’সহকর্মীকে কর্মস্থল থেকে প্রত্যাহার ও শাস্তির প্রস্তাব করা হয়েছে।
তবে এই পুলিশ সদস্যদের কাউকেই ওই খুনের মামলায় আসামি করা হয়নি বলেও জানান তিনি।
এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে বুধবার এসআই নৃপেন চন্দ্র দে’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, খুনের ঘটনায় কালীগঞ্জের মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণ ও সাবেক সদস্য আব্দুল হেকিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে।
পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তারা সন্ত্রাসীদের সহায়তায় পুলিশের হাত থেকে মামুনকে ছিনিয়ে নিয়ে খুন করেছেন।
এ সময় মামুনের হাতকড়া পরানো ছিল, যা পরে খুলে নেয় পুলিশ। এছাড়া ওই পুলিশ কর্মকর্তার পোশাকে রক্তের দাগ ছিল। খুনের পর রাতেই ওই পুলিশ কর্মকর্তা চেয়ারম্যান তোরণের সঙ্গে দেখা করে থানায় ফিরেছিলেন।
তদন্তে পুলিশেরও কর্তব্য অবহেলার প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করা হয়।
তিনি আরো জানান, থানা থেকে আসামি ধরতে যাওয়ার আগে থানায় সাধারণ ডায়েরি বা ওসির কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও এসআই নৃপেন চন্দ্র দে তা করেননি। তিনি একজন আনসার এবং একজন এপিবিএন সদস্য নিয়ে আসামি মামুনকে স্থানীয় বড়গাঁও এলাকা থেকে ২৯ মে সন্ধ্যায় গ্রেপ্তার করেন।
তদন্ত কর্মকর্তা আবুল খায়ের আরো বলেন, “গ্রেপ্তারের পর মামুনকে হাতকড়া পরিয়ে সিএনজি স্কুটারে তুলে থানায় না নিয়ে ২২ কিলোমিটার দূরে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চলে যান। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের হাত থেকে মামুনকে ছিনিয়ে নিয়ে পুলিশের সামনেই খুন করার প্রমাণ মিলেছে।”
এরপর রামচন্দ্রপুর গ্রামে সড়কের পাশে মামুনের লাশ ফেলে রেখে যায়। পুলিশও মামুনের হাতকড়া খুলে নিয়ে যায়।
এই তদন্ত কর্মকর্তা আরো বলেন, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে এসআই নৃপেন চন্দ্র দে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। কিন্তু তদন্তে এ ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলেও জানান, তদন্ত কর্মকর্তা আবুল খায়ের।
কালীগঞ্জ থানার ওসি এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩১ মে রাতে চেয়ারম্যানের দু’ভাইসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- চেয়ারম্যানের ছোট ভাই মো. কাওসার সরকার (৩৫) ও মো. ইরান সরকার (৩০), পুলিশের কথিত সোর্স চৌকিদার (গ্রাম পুলিশ) শ্যামল সরকার (৩৫) এবং শ্রী নিবাস ম-ল (৩০)।
এদেরমধ্যে ইরান হলেন মামলার এজহারভুক্ত আসামি। অন্যদের নাম তদন্তে এসেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ওসি এনায়েত উদ্দিন আরো বলেন, মামুন খুনের ঘটনায় ৩১ মে রাতে তার বড় ভাই নাজমুল হোসেন ভুঁইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে মোক্তারপুর ইউপি ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণ ও সাবেক সদস্য আব্দুল হেকিমসহ নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০জনকে আসামি করা হয়েছে।
এরপর বৃহস্পতিবার (৭ জুন) আরো কয়েকজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করার জন্য থানায় জমা দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.
bdnews24