ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডের এক বাড়িতে মায়ের হাত-পা ও মুখ বেঁধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাতে মামলাটি করা হয় বলে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, নিহত নিশাত বানুর মা খালেদা বানু বাদি হয়ে অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামী করে মামলাটি করেছেন। মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে দেওয়া হয় বলে জানান এই পুলিশ
কর্মকর্তা।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার।
বৃহস্পতিবার সকালে তোপখানা রোডের ২৭/১৩ নম্বর বাড়ির নিচতলায় খুন হন নিশাত বানু (৪৭)।
নিশাতের মা খালেদা বানু (৭৩) সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তিন যুবক তৃতীয় তলার ভেন্টিলেটার ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর তারা সিঁড়ি দিয়ে নিচতলায় নেমে তার ও নিশাতের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দুজনকে দুটি কক্ষে নিয়ে যায়।
পাশের কক্ষে নিয়েই দুবৃত্তরা নিশাতকে গলাটিপে হত্যা করে বলে খালেদা বানু জানান। এছাড়া দুবৃত্তরা চলে যাওয়ার সময় আসবাবপত্র ভাংচুর করে এবং ৩০ হাজার টাকাসহ ছয়টি দলিল নিয়ে যায়।
খালেদা বানু আরো বলেন, প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকার পর বুধবার রাত ২টার দিকে তিনি বাঁধন খুলে ফেলতে সক্ষম হন এবং পাশের ঘরে গিয়ে নিশাতের নিথর দেহ দেখতে পান।
এ সময় তিনি জানালা দিয়ে চিৎকার করে পথচারীদের সাহায্য চাইলে তারা এসে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।
এই বৃদ্ধা অভিযোগ করেন, তোপখানা রোডে তার মালিকানাধীন ‘আপ্যায়ন’ রেস্তোরাঁটি ২০ বছর আগে ভাড়া নেয় সাইফুল তালুকদার ও সেলিম তালুকদার নামের দুই সহোদর। তারা কখনো ভাড়াতো দেয়ইনি, বরং ভাড়া চাইলে নানাভাবে হুমকি দিয়ে এসেছে।
খালেদা বানুর ধারণা সম্পত্তির লোভেই সাইফুল ও সেলিম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশ আপ্যায়ন হোটেল থেকে দুই ভাইকে আটক করে নিয়ে যায়।
রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, তিন তলা ওই ভবনের মালিক খালেদা বানু। মেয়ে নিশাতকে নিয়ে তিনি নিচ তলায় থাকতেন। খালেদার তিন মেয়ের মধ্যে নিশাত মেজ। বাকিরা যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী।
ওই হত্যাকাণ্ডের পর থেকে বাড়িটির সামনে দুইজন পুলিশ সদস্য বৃদ্ধা খালেদা বানুর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১৪৮ ঘ.
bdnews24