২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন সাংবাদিকতার পরিবেশ চেয়ে মানববন্ধন

স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি জানিয়ে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি জানিয়ে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘চাই গণমাধ্যমের স্বাধীনতা ও চাই সাংবাদিকদের নিরাপত্তা’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা সাগর-রুনি হত্যাকা-ের বিচার এবং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে স্বাধীন সাংবাদিকতার বিকাশের বিকল্প নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মফিজুর রহমান। তিনি বলেন, “পেশাগত দ্বায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের ওপর যে নির্যাতন চলছে তা গণযোগাযোগের শিক্ষার্থী তথা ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য খুবই উদ্বেগজনক।” তিনি বর্তমান সরকারকে গণতান্ত্রিক ও স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে উল্লেখ করেন এবং আততায়ীর হাতে নিহত সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে নিয়ে ‘মালিকপক্ষের’ কুৎসা রটানোর নিন্দা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর বলেন, সাংবাদিকদের প্রতি রাষ্ট্রের নিপীড়ন এবং মালিকপক্ষের অপবাদ ও অপপ্রচার ভবিষ্যৎ সাংবাদিকদের বিকাশের জন্য হুমকি। সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমেনা ইসলাম বলেন, যতক্ষণ পর্যন্ত না সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। “রাষ্ট্র যখন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন কীভাবে তরুণ প্রজন্ম এ মহৎ পেশায় উৎসাহিত হবে”, প্রশ্ন রাখেন স্ট্যামফোর্ড ইউনির্ভাসিটির ছাত্র শাতিল আহমেদ শুভ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৫১৫ ঘ.