চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চকবাজার এলাকার তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ওই এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
বিএসটিআই’র উপ-পরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়- চকবাজার এলাকার মাছ বাজারে মাছে ফরমালিন দেওয়ার অপরাধে এক মাছ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই বাজারে বাটখারায় ওজনে ফাঁকি দেওয়ায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে আরও মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিএসটিআই, পুলিশ ও র্যাব কর্মকর্তারা সহযোগিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০০০ ঘ.
bdnews24