ফরিদপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুটি এলাকার মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ছাগলদী ও জুঙ্গুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে ছাগলদী এলাকার রিপন তালুকদারকে (১৮) পাশের জুঙ্গুরদী এলাকার জসীম শেখ (৩০) মারধর করে।
পরে রিপনের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও টেম্পো মালিক সমিতির সভাপতি সেলিম তালুকদারের নেতৃত্বে একদল লোক জসীমকে পিটিয়ে আহত করে। এর জের ধরে সকাল ১০টায় উপজেলার প্রবেশ মুখে বেইলি সেতু এলাকায় দু’পক্ষের পাঁচ শতাধিক লোক লাঠিসোটা, চাপাতি ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ ঠেকাতে এসে নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন, এসআই সাইফুল ইসলাম ও শাহ আলম এবং কনস্টেবল মো. মজিদ আহতসহ প্রায় ২৪ জন আহত হয়।
সংঘর্ষের সময় ১৬টি টেম্পো ভাঙচুর ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।
গুরুতর আহত ছাগলদী এলাকার মো. শহিদকে (২২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই সাইফুল ও শাহ আলমসহ ১৬ জনকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নগরকান্দায় দুই প্ল¬াটুন দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। লাটিপেটা করা ছাড়াও পুলিশ শটগানের ২৩টি গুলি ও কাঁদানে গ্যাসের সাতটি সেল নিক্ষেপ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯৩৩ ঘ.
bdnews24