চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনোয়ারায় দরবার শরিফের টাকা লুটের ঘটনায় র্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার আলী মজুমদারকে রিমান্ডে পায়নি পুলিশ। তাকে কারাগারে জিজ্ঞাসাবাদ করতে বলেছে আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে চট্টগ্রাম জেলা বিচারিক হাকিম মাসুদ পারভেজ এ আদেশ দেন।
জুলফিকার আলী মজুমদারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেফাজতের বদলে কারগারের ভেতরে টানা পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন র্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার।
মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় জুলফিকারকে সাতদিনের পুলিশ হেফাজতে দেওয়ার আবেদন করেন।
এর আগে গত ১০ মে র্যাবের এই সাবেক কর্মকর্তাকে জ্ঞিাসাবাদের জন্য সাতদিনের হেফাজত চাইলেও তা নামঞ্জুর করে টানা ১০ দিন কারা অভ্যন্তরে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
গত বছরের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে অভিযান চালানোর নামে ২ কোটি ৭ হাজার টাকা লুটের অভিযোগে জুলফিকারকে প্রধান আসামি করে গত ১৩ মার্চ মামলা হয়।
আনোয়ারা থানায় করা ওই মামলায় র্যাবের আরো নয় সদস্য এবং তাদের দুই সোর্সকে আসামি করা হয়।
ডাকাতির অভিযোগ ওঠার পর ওই র্যাব কর্মকর্তাদের নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। র্যাবের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় জুলফিকারকে।
আনোয়ারা ও ঢাকার মহানগর পুলিশের এক যৌথ অভিযানে গত ৩ মে ভোরে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার হন জুলফিকার। রাতেই তাকে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজত চান মামলার তদন্ত কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/এএল/১৮১০ ঘ.
bdnews24