ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মান্নান ওরফে কালা মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে রাজধানীর শের-ই-বাংলা নগর থানার শ্যামলী শাপলা হাউজিংয়ে সামনের গলির রাস্তা থেকে তাকে গেস্খপ্তার করা হয় বলে র্যাব জানায়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেজবাহ উদ্দিন খানের নেতৃত্বে র্যাব-৪ এর একটি দল দুপুর ২টার দিকে মান্নানকে গ্রেপ্তার করে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়্
বিজ্ঞপ্তিতে বলা হয়, মান্নান সর্বহারা দলের সদস্য। ২০০৩ সালের ৪ জুন কয়েক সহযোগীকে নিয়ে প্রকাশ্যে রাজাবাড়ী এলাকায় কুদ্দুছ ও অধ্যাপক মাহবুবসহ অজ্ঞাত পরিচয় একজনকে গুলি করে হত্যা করে। পলাতক অবস্থায় এই মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এছাড়া ২০০৩ সালে মাধবপুর গ্রামে শহিদ আমিনকে গুলি করে হত্যা, রাজবাড়ীর পাংশার শুক্কুর মেম্বারকে কুপিয়ে এবং ২০০৪ সালে পরান চৌধুরী ও ওয়াসিম চৌধুরী নামের দুজনকে প্রকাশ্য দিবালোকে মহিন্দ্রপুর গ্রামে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মান্নান দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/এইচএ/২২৩৫ ঘ.
bdnews24